জাগো সংবাদ ডেস্ক : তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন দলটির মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, লন্ডন থেকে আন্দোলনের ডাক দিলে জনগণ সাড়া দেবে না। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে এবং সাংগঠনিক বিষয়ে খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অভিশাপ দন্ডিত পলাতক তারেক রহমান। তিনি যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন বিএনপি সঠিক পথে আসবেনা। দলটি ভুলের চোরাবালিতেই আটকে থাকবে।
তিনি বলেন, লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে তার ফ্রি স্টাইল নেতৃত্ব এখন বিএনপি নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। তারা বুঝতে শুরু করেছে -তারেক রহমান যতদিন নেতৃত্বে আছে ততদিন বিএনপি ভুলের চোরাবালিতে আটকে আছে। এখান থেকে তারা আর বের হতে পারবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি করবে রিমোট কন্ট্রোলে, এটা কি হয়! সাহস থাকলে দেশে আসুন, রাজনীতি করুন। জেলে যাওয়ার সাহস রাখুন। লন্ডন থেকে ডাকে আর কেউ সাড়া দিক জনগণ সাড়া দিবে না। আজকে বিএনপি নেতারাও এই আন্দোলনের ডাককে ভুয়া বলে। এই বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ। বিএনপি নেতাদের শোবার ঘরে, রান্নাঘরে ভারতীয় পণ্য। তথাকথিত এই ডাক ভাওতাবাজি। এই ভাঁওতাবাজির অবসান হয়েছে। আজকে ব্যর্থ হয়ে বিএনপি দিশেহারা।
বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতনের শিকার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, মির্জা ফখরুল কথায় কথায় চোখের জল ফেলেন। ৮০ পার্সেন্ট নেতাকর্মী নাকি নির্যাতন ও জেলে বন্দি। কোনো কারাগারে তারা বন্দি আছে? আমির খসরু, মির্জা আব্বাস সবাই তো একে একে বাইরে। তালিকাটা প্রকাশ করুন। আর মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করবেন না।
বিএনপিপন্থী মুক্তিযোদ্ধারা ফ্রিডম ফাইটার বাই অ্যাকসিডেন্ট বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এরা ভুয়া মুক্তিযোদ্ধা। আজকে ইতিহাসের সত্যকে জানতে হবে। ২৫ মার্চ গণহত্যা দিবসে তারা মুক্তিযোদ্ধা সমাবেশ করে গণহত্যা নিয়ে কোন কথা বলেনি।
ওবায়দুল কাদের বলেন, ১৭ এপ্রিল বিএনপি সহ বড় বড় দলগুলোর কোন অনুষ্ঠানমালা আছে এমনটা জানা নেই। আমরা তা পালন করব। এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনাকে আওয়ামী লীগ ধারণ করবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 4 April, 2024 । 4:42 pm