রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 18 April, 2024 । 1:05 pm

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তরাঞ্চলে ঐতিহাসিক শহর চেরনিহিভে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় শিশুসহ আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন।

গত বুধবার (১৭ এপ্রিল) এ হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

চেরনিহিভের মেয়র অলেক্সান্ডার লোমাকোন বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আট তলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এ নিয়ে শহরের কেন্দ্রস্থলে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়। সেই হামলার বিস্তারিত এখনও নিশ্চিত করা হয়নি, যদিও স্থানীয় সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো উত্তর ক্রিমিয়ার ঝানকোয় এয়ারফিল্ডে আগুনের ভিডিও শেয়ার করেছে।

কিয়েভের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হামলায় আরও চারটি উচ্চ ভবন, একটি হাসপাতাল, কয়েক ডজন গাড়ি এবং একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে জরুরি পরিষেবাগুলো অনুসন্ধান চালাচ্ছে এবং কর্মকর্তারা জনসাধারণকে রক্ত দিতে এগিয়ে আসার জন্য আবেদন করেছেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন