সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 26 April, 2024 । 2:07 pm

জাগো সংবাদ ডেস্ক : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সাপের কামড়ে ইমামুল বেপারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ইমামুল বেপারী সখিপুর থানার সখিপুর ইউনিয়নের আনু সরকারের কান্দি গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে। চার ভাই তিন বোনের মধ্যে ইমামুল ছোট। তিনি একজন প্রবাসী ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমামুল বেপারী গ্রামের এক পারিবারিক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরেন। বাড়িতে তীব্র গরম থাকায়, রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের সড়কে বাতাসে গিয়ে বসেন তিনি। তখন তাকে বিষধর সাপে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ডান পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। পরে পা রশি দিয়ে বেঁধে দিয়ে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় ইমামুলকে বাসায় নিয়ে যায় স্বজনরা। পরে শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আনু সরকারের কান্দি গ্রামের বাসিন্দা ও ইমামুলের বন্ধু খোকন মিয়া বলেন, ইমামুল রাতে বাড়ির সামনের সড়কে বসে ছিল এ সময় বিষধর সাপে কামড় দেয় তাকে। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে সাপের আতঙ্ক দেখা দিয়েছে।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন