সিলেটের বিশ্বনাথে বৃদ্ধ বাবা এবং ছেলে নৃশংশ হামলার শিকার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 29 May, 2025 । 2:59 am

:: স্থানীয় প্রতিনিধি ::

গত ২১শে মে ২০২৫, রাত আনুমানিক ৯ টার সময় বিশ্বনাথ থানার ভাটিপাড়া গ্রামের আবদুস সালাম ও তার ছোট ছেলে তানভির আহমেদ সিঙ্গের কাছ বাজার থেকে ফেরার পথে সিতারা কমিউনিটি সেন্টারের নিকটে আওয়ামী লীগ পরিচয়ধারী কিছু যুবক তাদের পথরোধ করে। তারা নিজেদের সাবেক এমপি শফিকুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করে। উক্ত যুবকরা আবদুস সালাম-এর কাছে তার জ্যেষ্ঠ পুত্র তারেক মিয়ার খোঁজ জানতে চায়। উল্লেখ্য যে, গত দেড় বছর ধরে তারেক মিয়া এলাকায় অবস্থান করছেন না।

আবদুস সালাম ও তানভির আহমেদ তাদের জানান যে তারা তারেকের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত নন। একপর্যায়ে উক্ত যুবকেরা আবদুস সালামের ওপর অতর্কিতে হামলা চালায় ও তাকে মারধর করে। আবদুস সালামের ছোট ছেলে তানভির আহমেদ সন্ত্রাসীদের থামানোর চেষ্টা করতে গেলে তার ওপরও হামলা চালানো হয় এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধ আবদুস সালাম ও তানভির আহমেদকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তানভিরের অবস্থা আশঙ্কাজনক ছিল।

এ বিষয়ে আবদুস সালামের সঙ্গে কথা বললে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং জানান, “আমার বড় ছেলে তারেক মিয়া কোন কারণে সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েছে, তা আমার জানা নেই। আমার জানা মতে, আমার ছেলে তারেক সমাজে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতো এবং সমাজ সচেতনতামূলক কাজে যুক্ত ছিল ও মানুষের উপকার করার চেষ্টা করতো। এই মুহূর্তে আমি আমার পুরো পরিবার নিয়ে শঙ্কায় আছি এবং আমার ছোট ছেলে এখন মৃত্যুর হাত থেকে ফিরে আসছে।”

এর চেয়ে বেশি তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। এই মর্মে আবদুস সালাম বিশ্বনাথ থানায় ২৮ মে ২০২৫ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন