চন্দ্রগঞ্জে কবরস্থান থেকে রাইফেল–এলজি উদ্ধার; জনমনে বাড়ল আতঙ্ক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 7 December, 2025 । 3:18 pm

 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার মধ্যবর্তী সীমান্ত এলাকায় একটি কবরস্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার সংলগ্ন ওই কবরস্থানে অভিযান চালিয়ে একটি রাইফেল, একটি এলজি সহ মোট ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে কবরস্থানে অস্ত্র মজুত আছে—এমন তথ্য পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ছয়টি অস্ত্র উদ্ধার করি। নিরাপত্তার জন্য এগুলো থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

অস্ত্র উদ্ধারের খবর স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। কয়েকজন বাসিন্দা জানান,

“এলাকায় আগে থেকেই নানারকম আতঙ্ক বিরাজ করে। তার ওপর আবার কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার—এতে আমরা আরও বেশি ভয় পাচ্ছি।”

তবে পুলিশ বলছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

 

জাগো সংবাদ /আরাফাত/জাকির

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন