লক্ষ্মীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি ও অস্ত্র তৈরির কারখানার মালিক মোঃ নুর উদ্দিনকে রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা’র নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার ওসি সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গত ১ ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(A)/১৯(1) ধারায় মামলা নং–০১ রুজু হওয়ার পর থেকে নুর উদ্দিন পলাতক ছিলেন। ওইদিন দুপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে তার মালিকানাধীন ‘নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে ৭ ডিসেম্বর সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি ও চন্দ্রগঞ্জ থানার যৌথ অভিযানে নুর উদ্দিনের ওয়ার্কশপে তৈরি পাঁচটি একনলা দেশীয় বন্দুক এবং একটি এলজি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো স্থানীয় মুনু মিঝির বাড়ির সফিউল্যা কবরস্থানের পাশের ঝোপে লুকিয়ে রাখা ছিল।
গ্রেফতারকৃত নুর উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
জাগো সংবাদ /আরাফাত/জাকির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 10 December, 2025 । 4:28 pm