আজ (১৮ই ডিসেম্বর) বরেণ্য সিনিয়র সাংবাদিক আবু সাইদের ১ম মৃত্যুবার্ষিকী।
যখন বাংলাদেশে ছিলো না মোবাইল ফোন বা ইন্টারনেটের ব্যবহার। তখন পত্রিকাই ছিল মানুষের সংবাদ মাধ্যম। তখন তো ই-মেইলও ছিল না। একজন সাংবাদিককে পত্রিকা অফিস হতে দেওয়া নির্দিষ্ট কাগজে সংবাদ নিজ হাতে লিখে ডাকযোগে পাঠাতে হতো। পরেরদিন সেই সংবাদ পত্রিকায় ছেপে গণ-মানুষের কাছে পৌঁছে যেত। বলছি প্রায় তিন যুগ আগের কথা। সেই সময়ের এক অনন্য সাংবাদিকের নাম সাংবাদিক আবু সাইদ। তিনি সর্বপ্রথম উত্তরবঙ্গের বিখ্যাত “দৈনিক আজ ও আগামীকাল” পত্রিকায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। তার পাশাপাশি বাংলাদেশের মুখপত্র জাতীয় ‘ দৈনিক সংবাদ ‘ পত্রিকায় দীর্ঘ ১২ বছর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সেই সময় তিনি অত্যন্ত সাহসিকতা এবং বস্তুনিষ্ঠ খবর লিখনীর জন্য তার খ্যাতি জেলা-উপজেলার গন্ডি পেরিয়ে বহুদূর ছড়িয়ে পড়ে। তাছাড়াও তিনি ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় ‘ দৈনিক আজকালের খবর ‘ পত্রিকার প্রতিষ্ঠা লগ্নের সময় থেকে উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। তিনি উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করলেও সেই সময় তার দূর্দান্ত লিখনীর মাধ্যমে তার খ্যাতি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তিনি প্রায় এই দীর্ঘ ৩ যুগ সাংবাদিকতা জীবনে ছিলেন ভালো মানুষদের ভরসা এবং দূর্নীতিবাজদের যম। তার কলমের খোঁচায় তার নিজ উপজেলায় হয়েছে অসংখ্য উন্নয়ন এবং অধিকার বঞ্চিতরা পেয়েছে তাদের অধিকার। নওগাঁ জেলা এবং বদলগাছী উপজেলাবাসী তাকে একজন আদর্শ এবং ব্যতিক্রম ধর্মী সাংবাদিক হিসেবে গণ্য করতেন। বহু নবীন সাংবাদিক তার আদর্শ এবং লিখনী অনুসরণ করে সাংবাদিকতায় এসেছেন। শুধু সাংবাদিকতায় নয়, নওগাঁ জেলার সাংস্কৃতি অঙ্গনে সঙ্গীত শিল্পী, গীতিকার এবং কবি হিসেবেও ছিল তার বেশ খ্যাতি।
এই বরেণ্য সিনিয়র সাংবাদিক আবু সাইদ গত বছর ২০২৪ সালের আজকের তারিখে (১৮ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন। কাঁদিয়ে যান তার পরিবারসহ অসংখ্য আত্মীয় এবং স্বজনদের। আজ এক বছর পেরিয়ে গেলেও আজও তিনি সকলের মনের মাঝে বেঁচে আছেন। তার স্মৃতি প্রায়ই জেলার বিভিন্ন পাড়ায়-পাড়ায়, চায়ের দোকানে স্বরণ হয়ে তার স্বজনরা অশ্রুশিক্ত হয়ে পড়েন। তার দেখানো পথ এবং ভালো উপদেশ আজও মানুষ স্মরণ করে চলেন।
আজ তার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই গুণী মানুষটির পরিবার আত্নীয়-স্বজনরা সকলের নিকট দোয়া চেয়েছেন।
জাগো সংবাদ/আরাফাত/সিজান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 18 December, 2025 । 11:38 am