উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানোর লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বাহারুল আলম। তিনি বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এজন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে হবে।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শাহীনুল ইসলাম ও সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. উদিত প্রয়াস সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন লজিস্টিক অফিসার রাফিউল ইসলাম রনি, ফিল্ড মনিটরিং অফিসার মাহমুদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় এনসিডি রোগ নিয়ন্ত্রণে সরকারের চলমান কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা ও শিক্ষকদের সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার ৩৪টি কমিউনিটি ক্লিনিকের সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জাগো সংবাদ/এমএএ/জেএইচজে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 23 December, 2025 । 7:38 pm