লক্ষ্মীপুরের রায়পুর মার্চেন্ট একাডেমি মাঠ। সাল তখন ২০০১। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জনসভা চলাকালীন হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে মাঠজুড়ে নেমে আসে অন্ধকার। মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা। দৌড়ঝাঁপ, চিৎকার আর অস্থিরতার মধ্যেও কিছু সাহসী কর্মী এগিয়ে আসেন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে।
তখন একজন ক্ষুদ্র বিএনপি কর্মী হয়েও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিলেন রায়পুরেরই এক তরুণ নেতা জাকির হোসেন জুয়েল। তিনি স্মৃতিচারণ করে বলেন, “সেদিন সবকিছু যখন এলোমেলো, আমরা যখন মানব–ঢাল হয়ে দাঁড়ালাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে একটি নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম— তখনই তিনি আমাদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘তোমরা এত ভয় পাচ্ছ কেন? আল্লাহ মহান।’”
তার সেই সাহসী উচ্চারণ আর আত্মবিশ্বাস কর্মীদের মাঝে নতুন বল ও দৃঢ়তা এনে দেয়। বিশৃঙ্খলার মাঝেও কর্মীরা দায়িত্ব পালন করে পরিস্থিতি সামাল দেন। সেই মুহূর্ত আজো আবেগঘন স্মৃতি হয়ে রয়েছে উপস্থিত নেতাকর্মীদের হৃদয়ে।
আজ সেই নেত্রী আমাদের মাঝে নেই— তবুও তাঁর সাহস, নেতৃত্ব এবং আশ্বাসবাণী এখনো প্রেরণার মশাল হয়ে জ্বলছে কর্মীদের অন্তরে। রায়পুর মার্চেন্ট একাডেমি মাঠের সেই রাত তাই আজ ইতিহাস; স্মৃতিতে অম্লান এক আবেগঘন সাহসের গল্প।
জাগো সংবাদ/আরাফাত/জাকির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 30 December, 2025 । 3:19 pm