নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 27 April, 2026 । 2:39 pm

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে আরাফাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত আরাফাতুন বেদে সম্প্রদায়ের সদস্য ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার সরকারি কলেজ সংলগ্ন নদীর তীরে পলিথিনের ছাউনি দিয়ে অস্থায়ীভাবে বসবাস করছিল বেদে সম্প্রদায়ের ২৫-৩০টি পরিবার। সোমবার ভোরে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে একটি বড় ইউক্যালিপটাস গাছ উপড়ে আরাফাতুনের তাঁবুর ওপর পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। জানা গেছে, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরও বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। জেলা পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং তাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”

বর্তমানে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝড়ে বেদে পল্লীর আরও কয়েকটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

 

 

জাগো সংবাদ/আরাফাত/এম 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন