শেখ হাসিনাকে ফেরানোর শপথ: কমলনগরে যুবলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 29 April, 2026 । 10:20 pm

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী -কে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণের ঘটনায় দায়ের হওয়া মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমান আলী চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে চরমার্টিন ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করে কমলনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার বাদী ও আসামিদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) রাতে কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে গোলাকারভাবে দাঁড়িয়ে শপথ নেন। পরদিন রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ফেসবুক আইডিতে ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শোনা যায়, তারা দেশের সেবা ও শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ পাঠ করেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দিতে শোনা যায়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, বিষয়টি তার জানা নেই এবং তিনি খোঁজ নেবেন।

ওসি ফরিদুল আলম জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পরই মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন