আদমদীঘির লছিরের বাগান এলাকায় টমটম-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১, আহত ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Friday, 8 May, 2026 । 10:09 pm

বগুড়ার আদমদীঘি উপজেলায় যাত্রীবাহী টমটম ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মনোয়ার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (০৮ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে রাণীনগর-সান্তাহার সড়কের লছিরের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি টমটমটির চালক ছিলেন।

আহতদের মধ্যে মোছাঃ রাফিয়া খাতুন (৫০), আবু তোহা (২), রাজিয়া সুলতানা (৩০) ও মোঃ হুনাইব (২০)-কে রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।

গুরুতর আহত মোঃ মনসুর (৫৫) ও মাহমুদ জুয়েল (৫২)-কে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী টমটমটি রানীনগর থেকে সান্তাহারের দিকে যাচ্ছিল। পথে লছিরের বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই টমটম চালক মনোয়ার নিহত হন। এ সময় টমটমে থাকা কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর মাহেন্দ্র চালক পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, “ঘটনার খবর পেয়েছি। দুর্ঘটনায় জড়িত মাহেন্দ্রটি আটক রয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

মুন্না আহম্মেদ/এমএএ/জেএস

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন