নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘ইমাম সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম (রেজু) এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য। বিএনপি ইসলাম ধর্মকে মনে-প্রাণে বিশ্বাস ও লালন করে। ইমামরা রাজনীতি বা দল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না; মনে রাখতে হবে ধর্ম এবং দল ভিন্ন বিষয়।”
এসময় তিনি আরও বলেন, “আগের সরকার মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চালিয়েছে এবং ব্যাংক ডাকাতি করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।”ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ইছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন। সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের মসজিদের ইমামগণ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামদের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জাগো সংবাদ/আরাফাত/রায়হান

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Saturday, 9 May, 2026 । 7:08 pm