সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Monday, 11 May, 2026 । 9:26 pm

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।

তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে বাবলু গাজী। স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, রোববার (১০ মে) সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু আহরণে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার বেরিয়ে এসে বাবলু গাজীর ওপর হামলা চালায়।

সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার-চেঁচামেচি ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতের বাবা মালেক গাজী বলেন, “আমরা একসাথে মধু ভাঙতে গিয়েছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে।

”স্বজনরা জানান, বাবলু গাজীর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। ফিরে আসা মৌয়ালরা বলেন, সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করেন তারা। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হলেও বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান।

 

জাগো সংবাদ/আরাফাত/এসআর

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন