নওগাঁর মান্দা উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় সাহার আলী (৬৫) নামে এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ সোমবার (১৮ মে) আনুমানিক সন্ধ্যা ৭টায় উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাহার আলী উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ভ্যানচালক সাহার আলী তার ভ্যান নিয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনের মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস ভ্যানটিকে তীব্র গতিতে ধাক্কা দেয়। ধাক্কার চোটে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালক সাহার আলী মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে এবং ঘাতক মাইক্রোবাসটিকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এদিকে ভ্যানচালক সাহার আলীর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও বিজয়পুর গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জাগো সংবাদ/আরাফাত/আরিফ হোসেন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 18 May, 2026 । 9:22 pm