পলাশবাড়ীতে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Sunday, 31 May, 2026 । 8:48 pm

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিক্তা খাতুন (২৭) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

রবিবার সকাল ৭টার দিকে উপজেলার ঠুটিয়াপাকুড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের একটি বাস গাইবান্ধার উদ্দেশ্যে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তার মৃত্যু হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/এফএ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন