নওগাঁ সদর উপজেলার ৯ নম্বর চন্ডিপুর ইউনিয়নে মানবিক কর্মকাণ্ড ও সমাজসেবামূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সামিউল ইসলাম (পারভেজ)। তিনি নওগাঁ জেলা যুবদলের সদস্য, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল ৫টায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মানবিক এ কর্মসূচির আওতায় ১০টি পরিবারের হাতে চাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল, আটা, ডাল, দুধ, সাবান, হুইল পাউডার ও লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
স্থানীয়দের মতে, গত ৫ মাস ধরে পারভেজ ব্যক্তিগত উদ্যোগে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। যে কোনো দুর্যোগ, সংকট কিংবা প্রয়োজনের মুহূর্তে তাকে মানুষের পাশে পাওয়া যায়। ফলে ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এলাকাবাসীর দাবি, ধারাবাহিক সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের কারণে পারভেজের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে সামিউল ইসলাম (পারভেজ) বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই। দল ও ইউনিয়নবাসীর সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি চন্ডিপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”
মানবিক সহায়তা কার্যক্রমে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন সহযোগিতা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে।

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Saturday, 13 June, 2026 । 11:41 am