মিরসরাইয়ে প্রান্তিক মাছ চাষিদের ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 14 June, 2026 । 7:36 pm

চট্টগ্রামের মিরসরাইয়ে মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অর্ধশতাধিক প্রান্তিক মাছ চাষিদের প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।

রবিবার (১৪ জুন) সকালে উপজেলার টেকেরহাট বাজারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অর্ধশতাধিক অগ্রগামী মৎস্যচাষী অংশ নেন। কর্মসূচিতে আধুনিক ও লাভজনক মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার—যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা—সম্পর্কেও অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের বিপনন বিভাগের সিনিয়র অফিসার মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ নূর আলম ।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বে চাষীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

কর্মসূচির শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে, যা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন