শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, আটক ১

শেরপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 19 June, 2026 । 5:53 pm

শেরপুরে একটি গোডাউন থেকে ৩৩ টন সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে সদর থানা-পুলিশ। এ সময় বস্তা পরিবর্তনকালে হাতেনাতে একজনকে আটক ও করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌর শহরের চাপাতলী এলাকার জেরিন রাইস প্রসেসিং মিলে (পুষ্টি চাল মিশ্রণ মিল) অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

পুলিশ জানায়, ওই মিলে ৫০ কেজির সরকারি চাল ছোট ৩০ কেজির বস্তায় ভরে নতুন করে বাজারজাত করার চেষ্টা চলছিল। গোপনে সংবাদ পেয়ে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।

অভিযানকালে শেরপুর শহরের কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে মো. বোরহান উদ্দিনকে (৪২) আটক করা হয়। তিনি ৫০ কেজির সরকারি চালের বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় ভরার সময় হাতেনাতে ধরা পড়েন। উদ্ধার হওয়া ৩০ কেজির বস্তাগুলোতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস’ উল্লেখ ছিল। অভিযোগ রয়েছে, তাঁরা কম দামে পুরোনো বস্তার চাল সংগ্রহ করে ২০২৬ সালের নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

জাগো সংবাদ/আরাফাত/সিফাত 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন