নওগাঁর রাণীনগরে গাঁজা ও নরফিন ইনজেকশন সেবনের দায়ে মোঃ জুয়েল রানা (৪০) ও মোঃ আইনুল হক (৪৬)-কে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মোঃ জুয়েল রানা (৪০), পিতা-মোঃ আলতাব হোসেন রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা। অপরদিকে মোঃ আইনুল হক (৪৬), পিতা- আব্দুর রশিদ মণ্ডল, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। প্রসিকিউটর হিসেবে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন উপ পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তাইজুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় মোঃ জুয়েল রানাকে গাঁজা সেবনরত অবস্থায় এবং মোঃ আইনুল হককে নরফিন ইনজেকশন সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।
আদালত মোঃ জুয়েল রানাকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মোঃ আইনুল হককে আদালতের আদেশ অনুযায়ী কারাগারে প্রেরণ করে আইনানুগভাবে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর আদালতের নির্দেশ মোতাবেক দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী এ অভিযান প্রসঙ্গে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। জনস্বার্থ রক্ষায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সেবন ও কারবারিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ মুন্না আহম্মেদ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 14 July, 2026 । 9:38 pm