শ্রীমঙ্গলে সততা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ২৫০ রোগী পেলেন সেবা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 21 July, 2026 । 10:09 pm

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সততা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন আইয়ুব মার্কেট মডেল স্কুলে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পটি পরিচালনা করে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া। বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সততা সমাজকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরা।

দিনব্যাপী এ ক্যাম্পে মোট ২৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৪০ জনকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় এবং ৬৩ জনের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

প্রথম ধাপে ১৬ জন রোগীকে ছানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, কুলাউড়ায় নেওয়া হয়। তাদের অপারেশন, ওষুধ, যাতায়াত, থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

এ উদ্যোগের মাধ্যমে আশিদ্রোন আইয়ুব মার্কেট এলাকার মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুযোগ করে দেন সততা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আজহারুল ইসলাম অনিক। তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানাতে এলাকার শিক্ষক-শিক্ষিকা, সচেতন যুবক, শিক্ষার্থী, মুরব্বি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্যাম্পে উপস্থিত হন।

চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, অর্থাভাবে দীর্ঘদিন ধরে ছানি অপারেশন করাতে পারেননি। মাত্র কয়েক হাজার টাকার অভাবে দৃষ্টিশক্তি হারানোর উপক্রম হলেও এ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে অপারেশনের সুযোগ পেয়ে তারা নতুন করে আলো দেখার আশা করছেন। এছাড়া রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র, স্বল্পমূল্যে ওষুধ এবং প্রয়োজনীয়দের মধ্যে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব মার্কেট মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার বিশিষ্টজন গোপেশ দেবনাথ, হাছনা বেগম, জান্নাতুল ফেরদৌস, রুমানা বেগম, শাহ আলম, আমির উদ্দিন ও খসরু মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন সততা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আজহারুল ইসলাম অনিক, অ্যাডমিন মো. ছায়েদ আলী, কার্যকরী সদস্য মো. রাফি আহমেদ, মো. রমজান আলী, মাহাবুব হোসেন, রাজু, করিম, আব্দুল এবং মহিলা সদস্য মীর মাহিয়া মাহিসহ সংস্থার অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

 

জাগো সংবাদ/আরাফাত/ছায়েদ আলী

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন