নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজমের বিরুদ্ধে অশোভন আচরণ ও সাংবাদিকদের মামলার হুমকি দেওয়ার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সংগঠনের নেতারা নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হাঁসাইগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অংশ হিসেবে গত ১৯ জুলাই স্থানীয় সাংবাদিকরা তথ্যচিত্র সংগ্রহ ও বক্তব্য নিতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যান। এ সময় সহযোগিতা করার পরিবর্তে উপ-পরিচালক গোলাম মো. আজম সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং প্রকাশ্যে মামলার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন।
স্মারকলিপি প্রদানকালে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদার, সাধারণ সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ চৌধুরী, কার্যকরী সদস্য কায়েস উদ্দিন, একে সাজু, অর্থ সম্পাদক আরমান হোসেন রুমনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অশোভন আচরণের অভিযোগে সাংবাদিকদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। এটি যথাযথ প্রক্রিয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে।

মোঃ আরাফাত আলী
প্রকাশের সময়: Thursday, 23 July, 2026 । 10:22 pm