মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকার শতবর্ষী একটি পুকুর রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ভরাট করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটি ঘিরে গড়ে উঠেছে একটি পুরাতন বাণিজ্যিক এলাকা এবং পুরান বাজার সংলগ্ন হওয়ায় যেখানে প্রায় হাজারের অধিক দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এলাকায় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে এই পুকুরের পানি দীর্ঘদিন ধরে আগুন নেভানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অভিযোগ রয়েছে, রাতের বেলায় ড্রেজার মেশিন ব্যবহার করে পুকুরটি অবৈধভাবে ভরাট করা হচ্ছে। তবে দিনের বেলায় কাজ বন্ধ রাখা হয়, যাতে বিষয়টি সাধারণ মানুষের নজরে না আসে।
এ ঘটনায় জেলার সচেতন নাগরিক সমাজ দ্রুত পুকুর ভরাটের কার্যক্রম বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জাগো সংবাদ/আরাফাত/এস এম তানবীর

সিনিয়র রিপোর্টার, মাদারীপুর
প্রকাশের সময়: Thursday, 23 July, 2026 । 10:30 pm