কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘আশা’ এনজিওর বারবাকিয়া ব্রাঞ্চ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বারবাকিয়া বাজারস্থ আশা এনজিওর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৭ ধাপে মোট ২,৫০০ জন বন্যাকবলিত সদস্যের প্রত্যেককে ১,০০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম. বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এবং আশা এনজিওর এরিয়া ম্যানেজার জাহিদুল রহমান।
অনুষ্ঠানে বক্তব্যে এরিয়া ম্যানেজার জাহিদুল রহমান বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের পাশে দাঁড়াতে আশা এনজিও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। নগদ সহায়তার পাশাপাশি আগামী শনিবার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এছাড়া পেকুয়া উপজেলার বন্যাদুর্গত সদস্যদের জন্য মোট ২৫ লাখ টাকার সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের ৩ মাসের ঋণের কিস্তি আদায় স্থগিত রাখা হয়েছে এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য মুনাফাবিহীন ঋণ সুবিধাও চালু রয়েছে।
সহায়তা গ্রহণকারী সদস্যরা আশা এনজিওর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে এ নগদ সহায়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মাস্টার ইউনুছ, ব্যবসায়ী ওসমান হায়দার মানিক, বারবাকিয়া ব্রাঞ্চের ম্যানেজার উজ্জ্বল কুমার দাশ, সহকারী ম্যানেজার বেবী আক্তার, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশা এনজিওর কর্মকর্তা-কর্মচারীরা।
জাগো সংবাদ/আরাফাত/শহীদুল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 30 July, 2026 । 10:14 pm