লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গঠিত পুলিশের চার সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন দীর্ঘদিনেও প্রকাশ না হওয়ায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। একই সঙ্গে ঘটনার পর গণপিটুনিতে নিহত সন্দেহভাজন অন্তর মজুমদারের মৃত্যুও নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে দীর্ঘসূত্রতা নিয়ে এলাকাবাসীর মধ্যে বাড়ছে কৌতূহল, উদ্বেগ ও নানা আলোচনা।
ঘটনার পরপরই জেলা পুলিশ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই তদন্তের অগ্রগতি কিংবা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ফলে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো অমীমাংসিত রয়ে গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হলে তারা বলেন, একটি মাত্র ব্যক্তির পক্ষে একই সময়ে চারজনকে হত্যা করা সম্ভব কি না, সেটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া উচিত। তাদের মতে, ঘটনাস্থলের আলামত, ফরেনসিক প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ একসঙ্গে বিশ্লেষণ করেই প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে।
বাসিন্দাদের কেউ কেউ আরও বলেন, গণপিটুনির আগে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে অন্তর মজুমদার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে এসব ভিডিও কোনো চূড়ান্ত প্রমাণ নয়। বরং এসব বক্তব্যসহ ঘটনার প্রতিটি দিক তদন্তের আওতায় এনে সত্যতা যাচাই করা উচিত।
স্থানীয়দের দাবি, তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন—অন্তর মজুমদারই একমাত্র হত্যাকারী ছিলেন, নাকি এই ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা ছিল। একই সঙ্গে গণপিটুনিতে তাঁর মৃত্যুর ঘটনাটিও নিরপেক্ষভাবে তদন্ত হওয়া জরুরি বলে তারা মনে করেন।
তাদের ভাষ্য, দীর্ঘদিন তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এসব প্রশ্নের অবসান ঘটানো উচিত। অন্যথায় জনআস্থা নিশ্চিত করতে মামলাটি অন্য কোনো বিশেষায়িত তদন্ত সংস্থার কাছে হস্তান্তরের বিষয়টি বিবেচনা করার দাবি জানান তারা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলেই যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আইন অনুযায়ী বিষয়টি জনসমক্ষে আসবে।”
আলোচিত এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, দায়ীদের শনাক্তকরণ এবং জনমনে তৈরি হওয়া প্রশ্নের উত্তর পেতে এখন তদন্ত প্রতিবেদনের দিকেই তাকিয়ে রয়েছে রায়পুরবাসী।
জাগো সংবাদ/এমএএ/জাকির হোসেন জুয়েল

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 31 July, 2026 । 9:48 pm