নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিন পরিবহন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অননুমোদিত ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয় এবং প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে পরিবহন থেকে হাইড্রোলিক হর্ন খুলে জব্দ করা হয় এবং পরে সেগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। পরিবহনের গায়েও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
জাগো সংবাদ/আরাফাত/জীবন

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Saturday, 1 August, 2026 । 12:24 pm