মেঘনার খাল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 2 August, 2026 । 10:09 pm

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর সংযোগ খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রমে খালের স্বাভাবিক পরিবেশ, তীরবর্তী এলাকার স্থিতিশীলতা ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র ড্রেজার ব্যবহার করে খাল থেকে বালু উত্তোলন করে আসছে। এতে খালের পাড় ভেঙে পড়ার পাশাপাশি নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। ক্ষতির মুখে পড়তে পারে আশপাশের কৃষিজমি ও বসতভিটা।

সরেজমিনে কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে হামলা ও মামলার ভয় রয়েছে বলেও দাবি করেন তারা। তাই তারা সরাসরি বিরোধে না গিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

স্থানীয়রা জানান, মেঘনার সংযোগ খাল শুধু এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নয়, মানুষের জীবন-জীবিকার সঙ্গেও জড়িত। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে হবে। একই সঙ্গে এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাসেল খলিফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

খাল ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে রক্ষা পেতে পারে মেঘনার সংযোগ খাল ও তীরবর্তী মানুষের বসতভিটা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন