কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে মাদক, জুয়া, চুরি-ডাকাতি, ইভটিজিং ও সাইবার বুলিং প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে বারবাকিয়া বাজারের উন্মুক্ত ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোসাইন, এসআই সাঈদুর রহমান, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মাস্টার ইউনুছ, ইউপি সদস্য মো. আলমগীর সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
বিট পুলিশিং আলোচনা সভায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মেহেদী হাসান বলেন- পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক, জুয়া, চুরি-ডাকাতি, ইভটিজিং ও সাইবার বুলিংসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধের তথ্য গোপন না করে দ্রুত পুলিশকে জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তারা বারবাকিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ-জনগণের সমন্বয় বাড়ানো এবং অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বারবাকিয়া বিট পুলিশিং আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের শিক্ষক নাছির উদ্দিন, বারবাকিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এনামুল হক ও ব্যবসায়ী রহমান আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
জাগো সংবাদ/আরাফাত/শহীদুল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 3 August, 2026 । 11:35 pm