কক্সবাজারের পেকুয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কেউ কেউ এ কার্যক্রমে নিয়োগ পাওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।
অভিযোগ রয়েছে, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও স্বচ্ছতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় কারা কীভাবে নির্বাচিত হয়েছেন, তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা কী এবং নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করেছে কি না—এসব বিষয় জনসম্মুখে স্পষ্ট করা প্রয়োজন।
বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কেউ কেউ ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োগ পেয়েছেন—এমন অভিযোগ ওঠায় বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও সমালোচনা দেখা যাচ্ছে।
সচেতন মহলের দাবি, ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অভিযোগের সত্যতা যাচাই করে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
জাগো সংবাদ/আরাফাত/শহীদুল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 10 August, 2026 । 9:07 pm