ডাকাত ধরে ছেড়ে দেয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 16 August, 2026 । 10:26 pm

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম এর বিরুদ্ধে ২ ডাকাত আটকের পর একদিন হাজতে রেখে রাজনৈতিক চাপে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ।

শনিবার ( ১৬ আগষ্ট) মধ্যরাতে এই ঘটনা ঘটে। আগের দিন শুক্রবার ডাকাতির অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জোরারগঞ্জ থানার ২ নং হিংগুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিজয় নগর দারগা টিলা এলাকার মৃত মোখলেসুর রহমানের ছেলে শাহ আলম (৩২) ও একই এলাকার নাঈম(২৮)। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষথেকে জানানো হয়, গত মঙ্গলবার দিবাগত রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুরুল আলমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতরা পরিবারের লোকজনকে জিম্মি করে সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ আড়াই লাখ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় ডাকাতদের মুখোশ খুলে যায় এবং কথাবার্তায় তাদের স্থানীয় ও পরিচিত বলে মনে হয় । এছাড়া ডাকাতরা পরিবারের প্রধান কর্তা নুরুল হক(৭০)কে রক্তাক্ত আহত করলেও নারী সদস্যদের প্রতি সহানুভূতিশীল আচরন করেন।জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার মাদক কারবারি শাহআলম, নাঈম ও ঈমন নামে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। আটক পরবর্তী জোরারগঞ্জ থানা মামলা নাম্বার ১০/৮/২৬ রুজু করে তিন জনের মধ্যে ১ জনকে আদালতে প্রেরণ করে। কিন্তু বহু মামলার আসামী শাহআলম ও ঈমনকে থানা হাজতে রেখে দেয়া হয়। রেখে দেয়ার একদিন পর রবিবার মধ্যরাতে ২ নং হিংগুলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা নাজমুল হক সোহাগের জিম্মায় ছেড়ে দেন ওসি আব্দুল হালিম ।

বিএনপি নেতা ও সম্ভাব্য ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হক সোহাগ জানান, শাহআলম ও ঈমনের বিরুদ্ধে পূর্বের রাজনৈতিক মামলা রয়েছে তারা যুবদলের রাজনীতির সাথে যুক্ত হলেও তারা আমার সমাজের লোক। তাদেরকে ডাকাতি মামলায় সন্দেহভাজন হিসেবে আটক করে যাচাই করে দেখা যায় তারা ডাকাতির সাথে জড়িত নয়। তাই এলাকার ভাই হিসেবে তাদেরকে আমার জিম্মায় থানা থেকে নিয়ে আসি।

ডাকাত ধরে ছেড়ে দেয়ার বিষয়ে জানতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম এর সরকারি ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মিরসরাই সার্কেল এএসপি নাদিম হায়দার চৌধুরী জানান, ডাকাতির ঘটনায় মামলা ও ৩ জনকে আটকের বিষয়ে তিনি জানেন। কিন্তু ছেড়ে দেয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না। বিষয়টি জেনে বিস্তারিত জানাবেন বলেও তিনি জানান।

চট্টগ্রাম জেলা এসপি মাসুদ আলম জানান, বিষয়টি তিনি তদারকি করে দেখবেন। এছাড়া অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে মামলাটি ডিবিতে হস্তান্তরের ব্যাবস্থা নিবেন।

 

জাগো সংবাদ/আরাফাত/নূর হোসেন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন