রংপুরের তারাগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নকল আইসক্রিম উৎপাদন ও বিপণনের দায়ে সোহেল পাটোয়ারী (৩২) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে তারাগঞ্জ থানা পাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল পাটোয়ারী থানা পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নকল আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অপরাধে সোহেল পাটোয়ারীকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৪১(১) ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
আসমা উল হুসনা বলেন, “ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে অনুমোদনহীন ও নকল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জাগো সংবাদ/আরাফাত/নয়ন মিয়া

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 17 August, 2026 । 6:11 pm