কমলনগরে ভিটাহীনদের শেষ আশ্রয়ের আকুতি, গণকবরস্থানের দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 17 August, 2026 । 7:21 pm

মেঘনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে ভূমিহীন ও অসহায় হয়ে পড়া মানুষের মৃত্যুর পর দাফনের জন্য সরকারি গণকবরস্থান নির্মাণের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় ‘কমলনগরের সচেতন নাগরিকবৃন্দ ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন থেকে গণকবরস্থানের জন্য দ্রুত সরকারি খাসজমি বরাদ্দ, সীমানা প্রাচীর ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং সরকারি অর্থায়নে প্রকল্পটি জরুরি ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, মেঘনার ভাঙনে কমলনগরের অনেক মানুষ বসতভিটা হারিয়ে ভূমিহীন হয়েছেন। জীবিত অবস্থায় মাথা গোঁজার ঠাঁই না থাকার পাশাপাশি মৃত্যুর পর স্বজনদের দাফনের জন্যও জায়গা খুঁজতে চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই নদীভাঙনকবলিত ও ভূমিহীন মানুষের জন্য একটি সরকারি পাবলিক কবরস্থান এখন সময়ের দাবি।

মানববন্ধনে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের নোয়াখালী এরিয়া ইনচার্জ এমডি মো. জামাল হোসেন, সিনিয়র সাংবাদিক জাহিদ হোসেন, সাংবাদিক ও উদ্যোক্তা কবির হোসেন রাকিব, সাংবাদিক নুর ইসলাম এবং ব্যবসায়ী রাসেল পলোয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, যুবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধন থেকে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। বক্তারা দ্রুত সরকারি জমি বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কমলনগরের ভিটাহীন ও নদীভাঙনকবলিত মানুষের মৃত্যুর পর দাফনের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন