লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসায় পাঠদানরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে শ্রেণিকক্ষেই ক্বারী ইব্রাহীম নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য সাগরদী এলাকার হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
মাদরাসা সূত্রে জানা যায়, সকালে নিয়মিত পাঠদান করানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে শ্রেণিকক্ষেই ঢলে পড়েন ক্বারী ইব্রাহীম। পরে দ্রুত তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ক্বারী ইব্রাহীম প্রায় ২০ বছর ধরে ওই মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কোরআন শিক্ষাদানেও যুক্ত ছিলেন।
সোমবার জোহরের নামাজের পর মধ্য সাগরদী জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকায় গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাদরাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, ক্বারী ইব্রাহীম দীর্ঘ প্রায় ২০ বছর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তার আকস্মিক মৃত্যুতে মাদরাসা একজন অভিজ্ঞ শিক্ষক ও ভালো মানুষকে হারিয়েছে।
মাদরাসার সহ-সভাপতি ও রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ক্বারী ইব্রাহীম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক। কর্মস্থলে পাঠদানরত অবস্থায় তার এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
কর্মস্থলে পাঠদানরত অবস্থায় শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জাগো সংবাদ/আরাফাত/জাকির

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 18 August, 2026 । 12:24 pm