লক্ষ্মীপুরের রামগতিতে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ বেহুন্দী ও লোতা জাল এবং ৪৫০টি চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন খাল-বিল, বাজার ও এলাকায় উপজেলা মৎস্য বিভাগ এবং বাংলাদেশ কোস্ট গার্ড রামগতি স্টেশনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন খাল-বিল থেকে নিষিদ্ধ বেহুন্দী ও লোতা জাল উদ্ধার করা হয়। এছাড়া জাল পরিবহনের সময় এবং বিভিন্ন বাজারের দোকানে অভিযান চালিয়ে ৪৫০টি চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা সব নিষিদ্ধ জাল বাংলাদেশ কোস্ট গার্ডের আলেকজান্ডার কার্যালয়ের সামনে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ জামান জানান, পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ নিশ্চিত করা এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জাকির হোসেন জুয়েল/এমএএ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 19 August, 2026 । 10:07 pm