কনের বাড়িতে গায়ে হলুদের আনন্দ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বিয়ের মাত্র দুই দিনের মাথায় এমন মর্মান্তিক ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। রোববার (২৩ আগস্ট) বৌ-ভাতের আয়োজন থাকলেও সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের মাতমে।
শনিবার (২২ আগস্ট) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কনের বাড়িতে বর্ণাঢ্য আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। এতে বর মাহিনও অংশ নেন। অনুষ্ঠান শেষে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মাহিন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার সদ্য বিবাহিত স্ত্রী মিফতাহ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
কনের মামা জাহেদুন সোহেল জানান, শনিবার রাতে তার ভাগনির গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেখানে বরও এসেছিলেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। রোববার তাদের বৌ-ভাতের আয়োজন ছিল। শনিবার রাতেও সবাই আনন্দে মেতে ছিলেন। কিন্তু গায়ে হলুদ শেষ হওয়ার পর সেই আনন্দই বিষাদে পরিণত হয়েছে।
তিনি আরও জানান, বর ও কনের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। প্রাপ্তবয়স্ক না হওয়ায় দুদিন আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়। কনে এখনো বরের বাড়িতে যাননি। এর মধ্যেই স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন তিনি।
নিহত মাহিনের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, গায়ে হলুদ থেকে ফেরার পথে ছেলেটি মারা গেছে। দুই দিন আগেই তার বিয়ে হয়েছিল। আনুষ্ঠানিকতার জন্য কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়েছিল। সেখানে মাহিন অংশ নেন। রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরে তার দাফনও সম্পন্ন হয়েছে।
এদিকে বৌ-ভাতের জন্য কনের বাড়িতে করা আয়োজন পড়ে আছে এলোমেলো অবস্থায়। রান্নার হাঁড়ি-পাতিল পড়ে আছে, অথচ বরের বসার স্থানটি খালি। অতিথিদের বসানোর জন্য আনা প্লাস্টিকের চেয়ারগুলোও আর বিছানো হয়নি। যে বাড়িতে রোববার উৎসবের আমেজ থাকার কথা, সেখানে এখন কেবল শোক আর কান্না।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছেন। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। বিস্তারিত ঘটনাও তার জানা নেই।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় মাহিনের মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে অপূরণীয় শোক। একদিকে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে মাত্র দুই দিনের সংসারে স্বামী হারানোর শোক—সব মিলিয়ে আনন্দের আয়োজন এখন পরিণত হয়েছে কান্নায়।
জাগো সংবাদ/আরাফাত/জাকির

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 23 August, 2026 । 10:46 pm