মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ইলিশ কিনতে হিমশিম

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 24 August, 2026 । 5:45 pm

মেঘনা নদীতে ইলিশের সরবরাহ বাড়লেও লক্ষ্মীপুরজুড়ে সাধারণ ক্রেতাদের স্বস্তি নেই। রামগতি ও কমলনগরের মাছঘাট থেকে শুরু করে রায়পুর ও লক্ষ্মীপুর সদরসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশের দাম এখনো চড়া। জেলেদের জাল থেকে ভোক্তার হাতে পৌঁছানোর আগেই কয়েক দফা হাতবদল হওয়ায় প্রতিটি ধাপে মুনাফা যোগ হচ্ছে। ফলে ইলিশ কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতারা।

সম্প্রতি রামগতি ও কমলনগরের বিভিন্ন মাছঘাটে ইলিশের বেচাকেনা বেড়েছে। মেঘনায় ধরা পড়া বড় আকারের ইলিশও বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। গত ৩ আগস্ট কমলনগরের মতিরহাট মাছঘাটে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ নিলামে ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়।

স্থানীয় জেলেদের কাছ থেকে ইলিশ প্রথমে আড়তদারদের কাছে যায়। এরপর পাইকার ও খুচরা ব্যবসায়ীদের হাত ঘুরে তা পৌঁছে ভোক্তার কাছে। প্রতিটি ধাপে পরিবহন, সংরক্ষণ ও ব্যবসায়িক মুনাফা যুক্ত হওয়ায় বাজারে পৌঁছানোর পর মাছের দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে মেঘনায় ইলিশের সরবরাহ কিছুটা বাড়ায় রামগতি, কমলনগরসহ লক্ষ্মীপুরের বিভিন্ন মাছঘাটে বেচাকেনাও জমে উঠেছে। তবে সেই বাড়তি সরবরাহের সুফল এখনো ভোক্তা পর্যায়ে তেমনভাবে পৌঁছেনি। জেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, মাছের আকার ও ওজনভেদে দামে বড় ধরনের পার্থক্য রয়েছে। ভালো মানের ও বড় আকারের ইলিশ কিনতে সাধারণ ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।

ক্রেতাদের অভিযোগ, লক্ষ্মীপুর উপকূলীয় জেলা হওয়ায় এখানকার নদী ও মাছঘাটে বিপুল পরিমাণ ইলিশ ওঠে। অথচ স্থানীয় বাজারেই সেই ইলিশ কিনতে গিয়ে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে। জেলেরা ন্যায্য দাম পেলেও মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা ও অযৌক্তিক হাতবদল নিয়ন্ত্রণ করা গেলে ভোক্তা পর্যায়ে ইলিশের দাম আরও সহনীয় হতে পারে বলে মনে করছেন তারা।

স্থানীয়দের দাবি, জেলেদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি আড়ত থেকে খুচরা বাজার পর্যন্ত ইলিশের সরবরাহব্যবস্থায় কার্যকর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তা না হলে মেঘনায় ইলিশের সরবরাহ বাড়লেও সাধারণ মানুষের পাতে সেই স্বস্তি পৌঁছাবে না।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন