লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদীর সংযোগ খালের পানিতে ডুবে মো. মমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত মমিন রায়পুর পৌরসভার বয়াতি বাড়ির অটোরিকশাচালক মো. দিদার হোসেন মনার ছেলে। স্থানীয়রা জানান, মমিনের মা বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুর বাবা দিদার হোসেন মনা জানান, দুপুরে বাড়ির পাশে খালের পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মমিন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে খালের পানিতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, পা পিছলে পানিতে পড়ে গিয়ে শিশুটি তলিয়ে যায়।
তিনি আরও জানান, মমিনকে খুঁজতে গিয়ে স্থানীয়রা খালের পানিতে একটি জুতা ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পরিবারকে জানানো হলে স্বজন ও স্থানীয়রা খালে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মরদেহ উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি জানি না। খোঁজখবর নেওয়া হবে।”
জাগো সংবাদ/আরাফাত/আরিফ রুদ্র

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 27 August, 2026 । 6:04 pm