খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি শিক্ষার্থীদের আড্ডা ও ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে দৃষ্টিনন্দন ‘জলসিঁড়ি চত্বর’ উদবোধন করে। তবে উদবোধনের পর থেকেই সেখানে বহিরাগতদের অবাধ আনাগোনা ও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে স্থানটির সৌন্দর্য ও পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এবং নিজস্ব মনোরম পরিবেশ ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন বিশেষ করে বিকেলের দিকে বিপুলসংখ্যক বহিরাগত চত্বরটি দখল করে রাখে। তারা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও অন্যান্য বর্জ্য ফেলে চারপাশ নোংরা করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রিয় প্রাঙ্গণে নিরিবিলিতে সময় কাটাতে পারছে না।
এক শিক্ষার্থী জানান, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জন্য স্থানটি তৈরি করলেও বহিরাগতদের ভিড় ও পরিবেশ দূষণের কারণে আমরা এখানে বসতেই পারি না। এতে আমাদের স্বাভাবিক সময় কাটানো ও আড্ডার পরিবেশ নষ্ট হচ্ছে।”
এ বিষয়ে দায়িত্বরত নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, প্রতিদিন অতিরিক্ত ভিড় সামাল দিতে তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্যাম্পাসের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার চেষ্টা চলছে বলে তারা আশ্বস্ত করেন।
শিক্ষার্থীরা দ্রুত বহিরাগতদের প্রবেশ সীমিতকরণ এবং চত্বরের পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
জাগো সংবাদ/আরাফাত

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 3 September, 2026 । 3:24 pm