লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বসতঘর ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, জমির দলিলসহ প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বেশ কয়েকটি পরিবার।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশহক আলী ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সোহেল নামে এক যুবক চরম নেশাগ্রস্ত অবস্থায় নিজের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে আশপাশের বসতঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ১১টি বসতঘর ও তিনটি দোকান আগুনে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আগুনে ঘরবাড়ির আসবাবপত্রের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও জমির দলিল পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারা সোহেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাওছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কাশেমসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি নিঃস্ব পরিবারগুলোর পুনর্বাসনে তাৎক্ষণিক সহায়তা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
রায়পুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত সোহেলকে হেফাজতে রেখে ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
জাগো সংবাদ/আরাফাত/আরিফ রুদ্র

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 6 September, 2026 । 1:29 pm