মাদারীপুরে আন্তর্জাতিক ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন, এলাকায় আতঙ্ক

সিনিয়র রিপোর্টার, মাদারীপুর
প্রকাশের সময়: Sunday, 6 September, 2026 । 7:14 pm

মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক ইসলামিক বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর বসতবাড়িতে ঢুকে পেট্রোল ঢেলে একটি প্রাইভেটকার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো ঘরের সামনে গাড়ি পার্কিং করে ঘুমিয়ে ছিল আলোচিত বক্তা সাঈদ আনসারীর ভাই আসাদ আনসারী।

রোববার ভোরে বাড়ির দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এসময় অজ্ঞাত এক ব্যক্তি ঘরের সামনে রাখা করোলা ব্রান্ডের প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশ-পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীকে সনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজৈর থানার তদন্ত ওসি কুতুবউদ্দিন আহমেদ। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 

জাগো সংবাদ/আরাফাত/এসএম তানবীর

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন