গণপূর্তের চিফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে তদন্ত কমিটি

জাগো সংবাদ ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 6 September, 2026 । 9:17 pm

গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

রোববার (৬ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব আবু নাছের স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিনকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম সচিব দেবময় দেওয়ান এবং সদস্য সচিব করা হয়েছে উপসচিব আসাদুজ্জামান রিপনকে।

এর আগে রোববার কালবেলায় ‘জালিয়াতির জাল বুনে খালেকুজ্জামানের রাজত্ব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে পদায়ন ও বদলি বাণিজ্য, টেন্ডারে অনিয়ম-দুর্নীতি, ভুয়া পিএইচডি এবং পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে অভিযোগগুলো আমলে নিয়ে একই দিন তদন্ত কমিটি গঠন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

জানা গেছে, গত বছর থেকে গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে চলতি দায়িত্ব পালন করছেন মো. খালেকুজ্জামান চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। একই সঙ্গে তার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ করা তিনজনের একটি সিন্ডিকেটের বিষয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগগুলোর সত্যতা ও সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে মো. খালেকুজ্জামান চৌধুরীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন