রায়পুরে শাহী হোটেল দখলচেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 7 September, 2026 । 10:59 pm

লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কে অবস্থিত শাহী হোটেল দখলচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা ফয়সাল হোসেন ওরফে শাহরিয়ার ফয়সালসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। পরে সন্ধ্যায় আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের জারিকারক জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

পরোয়ানাভুক্ত ফয়সাল হোসেন ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে। অন্য আসামিরা হলেন—রায়পুর উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রায়পুর বাজারের শাহী হোটেল দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় হোটেলের মালিক হাবিব উল্যাকে একাধিকবার ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়।

এ ঘটনায় ৮ জুলাই হাবিব উল্যা বাদী হয়ে রায়পুর আদালতে ভূমি বিরোধ-সংক্রান্ত আইনে মামলা দায়ের করেন। মামলায় বিএনপি নেতা ফয়সালসহ ছয়জনকে আসামি করা হয়।

মামলার বাদী হাবিব উল্যা রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে।

আদালত সূত্র আরও জানায়, পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে সোমবার মামলাটি আমলে নেওয়া হয়। পরে বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

তবে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন