চট্টগ্রামে সেনাসদস্য তাসনিম রিফায়াত নিহত হওয়ার খবরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার দুপুরে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা।
নিহত তাসনিম রিফায়াতের বাবার নাম আসাদুল হক। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন মেজো সন্তান। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন রিফায়াত।
স্বজনরা জানান, মৃত্যুকালে রিফায়াত স্ত্রী ও প্রায় আড়াই বছর বয়সী কন্যাসন্তান ‘জুঁই’কে রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
পরিবার সূত্রে আরও জানা গেছে, বুধবার রাত ৯টায় চট্টগ্রাম সেনানিবাসে তাসনিম রিফায়াতের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তার মরদেহ ঢাকায় নেওয়া হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মরদেহ গ্রামের বাড়ি বিন্দারামপুরে পৌঁছানোর কথা রয়েছে।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

মাহফুজ আহমেদ, রাজশাহী
প্রকাশের সময়: Wednesday, 9 September, 2026 । 7:16 pm