একটি ডিও লেটারের অভাবে ঝুলিয়ে আছে আলীকদম চৌকি আদালত:বাস্তবায়নের দাবি স্থানীয়দের

বান্দরবান প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 10 September, 2026 । 11:32 am

দীর্ঘদিনের দাবি ও প্রচেষ্টার পর আলীকদমে চৌকি আদালত চালুর বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন (বন্ধু)। তবে একটি ডিও (D.O.) লেটারের অভাবে আদালতটির কার্যক্রম প্রক্রিয়া আটকে আছে বলে তিনি দাবি করেছেন।

মোঃ মহিউদ্দিন বলেন, দীর্ঘ প্রচেষ্টা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও বিষয়টি বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি সবার দোয়ার ফলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ‘আলীকদম চৌকি আদালত’ চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি আরও জানান, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আদালত চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশপত্র প্রেরণ করেছেন। একই সঙ্গে আইনমন্ত্রী মহোদয় বিষয়টি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান।

মোঃ মহিউদ্দিনের ভাষ্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ে যাতে কোনো ধরনের বিরোধ, পক্ষে-বিপক্ষে বিভাজন বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এবং মন্ত্রণালয় বিষয়টি প্রশাসনিকভাবে স্বাধীনভাবে বাস্তবায়ন করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যের একটি ডিও লেটার প্রয়োজন।

তিনি বলেন, “প্রয়োজনীয় ডিও লেটারটি পাওয়া গেলে ইনশাআল্লাহ আগামী দুই মাসের মধ্যে আলীকদম চৌকি আদালতের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

আলীকদমবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সংসদ সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন (বন্ধু)।

তিনি বলেন, আলীকদমে চৌকি আদালত চালু হলে স্থানীয় জনগণের বিচারিক সেবা গ্রহণের ক্ষেত্রে সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ন্যায়বিচারপ্রাপ্তি আরও সহজ হবে।

বান্দরবান জেলা পরিষদের সদস্য বলেন” মংক্যনু মারমা গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন (বন্ধু)-এর সঙ্গে কথা হয়েছে। আমি দ্রুত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে ডিও লেটারের ব্যবস্থা করে দেব।

আলীকদম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা শিরিন বলেন “আলীকদমের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন