গাইবান্ধায় অভিযান পরিচালনার সময় হামলার শিকার ইউএনও

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 10 September, 2026 । 12:32 pm

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে বালু সিন্ডিকেটের সদস্যরা এই হামলা চালায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান শুরু করে। ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলার কাটাখালী, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চক রহিমাপুর, চাঁদপুর, খলসী, বোয়ালিয়া ও সমসপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযানের শেষ পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় পৌঁছায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে একটি ড্রেজার ধ্বংস করার সময় বালু সিন্ডিকেটের সদস্যরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। তারা নদীর বাঁধের ওপর থেকে ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি ইট- পাটকেল ও গাছের ডাল ছুঁড়তে থাকে। হামলায় রাজু শেখ নামে ভ্রাম্যমাণ আদালতের এক শ্রমিক গুরুতর আহত হন। হামলা ও অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। তিনি অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে সেখানে পৌঁছে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য সদস্যদের নিরাপদে উদ্ধার করেন।

এ বিষয়ে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বালু খেকোদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন