আগামী বছরের জানুয়ারি- মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
আজ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শনে বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ত. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ টি জেলার অর্থনৈতিক রূপান্তরের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। পদ্মা ব্যারেজে ১১৩ মেঘাওয়াটের ২টি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হবে। ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় প্রকল্পটির কারিগরি সমীক্ষা শুরু হয়েছিলো বলে জানান তিনি।
এ্যানি চৌধুরী আরও বলেন, পদ্মা ব্যারেজ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে তারা কার্যক্রম শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছে। আগামী ৭ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রস্তাবিত পদ্মা ব্যারেজ হবে ২ দশমিক ১ কিলোমিটার। এতে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার স্লুইস গেট, ১টি নেভিগেশন লক ও ২টি ফিশ পাস থাকবে। ব্যারেজে উপর ১টি রেলওয়ে সেতুও নির্মাণ করা হবে।
এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ রুহুল আমিন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 11 September, 2026 । 10:56 pm