বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় আকস্মিকভাবে মিছিলটি বের করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজের পর কয়েকজন নেতাকর্মী একটি ব্যানার নিয়ে সড়কে মিছিল শুরু করেন। ব্যানারে ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ছিল। মিছিল থেকে ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। মিছিলের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীদের অনেকে সরে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। মিছিলে তাদের ভূমিকা এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মিছিলে বহন করা ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাজিব হোসেন খানের ছবি ছিল।
পুলিশ বলছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো যেকোনো কর্মসূচির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক সাতজনের সংশ্লিষ্টতা যাচাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাগো সংবাদ/আরাফাত

বরিশাল প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 11 September, 2026 । 11:48 pm