আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান চার দিনের সফরে যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট আসছেন।
এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, বিচার বিভাগ এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারি সফরসূচি অনুযায়ী, আইনমন্ত্রী ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় যশোর পিটিআই অডিটোরিয়ামে ক্ষুদ্রঋণ বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এরপর তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন, ১৩ সেপ্টেম্বর সকাল নয়টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন মন্ত্রী।
পরবর্তীতে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সাতক্ষীরা জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিও বিজিবি, সিও র্যাব, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত থাকবেন। এছাড়াও জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জিপি-পিপি, প্রেসক্লাবের সভাপতিসহ সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করবেন। একই দিন বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মন্ত্রীর একটি বিশেষ মতবিনিময় সভায় যোগদানের কথা রয়েছে।
ইতিমধ্যেই জেলা বিএনপির পক্ষ থেকে এই মতবিনিময় সভা সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে।
সাতক্ষীরায় নির্ধারিত কর্মসূচি শেষ করে মন্ত্রী তাঁর সফরের পরবর্তী অংশ হিসেবে খুলনা ও বাগেরহাট জেলার উদ্দেশ্যে রওনা হবেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Saturday, 12 September, 2026 । 3:42 pm