লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নয়াপাড়া এলাকার অসহায় দিনমজুর নাজিম উদ্দিনের ১২ বছরের ছেলে মো. রায়হান। সাত মাস আগে বাবার দেওয়া ১০০ টাকা নিয়ে চুল কাটতে দোকানে যাওয়ার পর নিখোঁজ হয় সে।
পরিবারের দাবি, দোকানে যাওয়ার পর সেখান থেকে পালিয়ে কক্সবাজারে চলে যায় রায়হান। পরে সেখান থেকে একটি চক্র তাকে ঢাকায় নিয়ে যায়। রায়হানের ভাষ্য অনুযায়ী, ঢাকার রেলওয়ে স্টেশন এলাকায় তাকে আটকে রেখে তার একটি পা কেটে দেওয়া হয় এবং ভিক্ষা করতে বাধ্য করা হয়।
রায়হান আরও জানায়, তার মতো আরও কয়েকজন শিশুকেও ওই চক্র ভিক্ষা করাত। তাকে প্রতিদিন ৫০০ টাকা দেওয়ার কথা বলা হতো। পরে গাড়িভাড়া দিয়ে তাকে এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।
গতকাল রাতে চুনতি সীরত মাহফিলের সমাপনী দিনে রায়হানকে ভিক্ষা করতে দেখে হঠাৎ চিনতে পারেন তার এলাকার এক ব্যক্তি। বিষয়টি তার পরিবারকে জানানো হলে দীর্ঘ সাত মাস পর ছেলেকে ফিরে পাওয়ার খবর পান বাবা নাজিম উদ্দিন।
দীর্ঘদিন পর সন্তানকে ফিরে পেলেও রায়হানের শারীরিক অবস্থা ও তার বর্ণনা করা ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। একটি শিশুর এমন নির্মম পরিণতি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।
ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে আরও সতর্ক ও সচেতন হতে হবে।

মোঃ রাসেদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 14 September, 2026 । 10:22 am