আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, উন্নয়নবঞ্চিত ঝালকাঠির মানুষের সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করতে এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি সেবায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা জনগণকে হয়রানি সরকার মেনে নেবে না। এসব অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সভায় ঝালকাঠি জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। জেলার সার্বিক উন্নয়নে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাগো সংবাদ/আরাফাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Tuesday, 15 September, 2026 । 5:59 pm